#সিলেট বিভাগ

সিলেট – লন্ডন বিমানের সরাসরি ফ্লাইট উড়ছে রোববার থেকে।

দীর্ঘ প্রায় ৯ বছর অনেক কাঠখড় পুড়ানোর পর বিমানের সরাসরি সিলেট-লন্ডন ফ্লাইট আগামীকাল রোববার ফের চালু হচ্ছে। এর ফলে প্রবাসীদের দীর্ঘদিনের একটি দাবি পূরণ হচ্ছে।

প্রবাসী বাংলাদেশিরা বলছেন, এই রুটে ফ্লাইট চালু হলে কমবে যাত্রী হয়রানি, বাড়বে যাত্রীসংখ্যা। বিমান সূত্র জানায়, ঘন কুয়াশার অজুহাতে ২০১১ সালের ১৫ ডিসেম্বর বন্ধ হয়ে যায় সিলেট-লন্ডন ফ্লাইট। এরপর রিফুয়েলিং স্টেশন না থাকার কারণে এই রুটে আর বিমান চালু করা হয়নি। ২০১৫ সালের মার্চ মাসে সিলেট ওসমানী বিমানবন্দরে রিফুয়েলিং স্টেশন চালু হলেও চালু হয়নি সরাসরি বিমান চলাচল। এরপর চলতি বছরের এপ্রিলে সিলেট থেকে লন্ডন ও মানচেস্টারে সরাসরি ফ্লাইট চালুর আশ্বাস দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মো. মাহবুব আলী। এ লক্ষ্যে বিমান কর্তৃপক্ষ পরিকল্পনা এবং প্রস্তুতিও সম্পন্ন করে। কিন্তু করোনার কারণে গত মার্চ থেকে বিশ্বের বিভিন্ন বিমানবন্দর বন্ধ হয়ে যাওয়ায় এ প্রক্রিয়াও স্থগিত হয়ে যায়।

বিমান সূত্র জানায়, ২০১৮ সালে বিজয়ের মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বিমানের বহরে যুক্ত হয় এয়ারক্রাফট ‘অচিন পাখি’। এটি লন্ডন থেকে যাত্রী নিয়ে সরাসরি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। কিন্তু চলতি বছরের গত ১৬ জুলাই লন্ডন-সিলেট রুটে সরাসরি ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নেয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
তারা জানান, লন্ডন থেকে দেশে আসা সিলেটের যাত্রীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন সম্পন্ন করে অভ্যন্তরীণ ফ্লাইটে তাদের সিলেটে ফিরতে হবে।

বিমান কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে যুক্তরাজ্যে বসবাসরত সিলেটীরা ক্ষোভ প্রকাশ করেন। এতে প্রতিবাদের ঝড় ওঠে সিলেটেও। পরে দীর্ঘ এক মাস বন্ধ থাকার পর গত ১০ আগস্ট সকাল ১০টা ১০ মিনিটে বিমানের বিজি-২০২ ‘অচিন পাখি’ এয়ারক্রাফটটি ১১৬ যাত্রী নিয়ে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর থেকে সপ্তাহের প্রতি সোমবার লন্ডন-সিলেট-ঢাকা রুটে ফ্লাইট চলাচল শুরু করে।

গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের সাউথ ইস্ট রিজিওনের ট্রেজারার সুফি সুহেল আহমদ বিমানের সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এর মাধ্যমে প্রবাসীদের অন্যতম একটি দাবি পূরণ হয়েছে বলে জানান এ প্রবাসী কমিউনিটি নেতা।

এদিকে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামীকাল রোববার সকাল ৯টায় সিলেট-লন্ডন রুটে সরাসরি ফ্লাইট চালু উপলক্ষে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ, বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বর্তমান উড়োজাহাজের বহর পূর্বের যেকোনো সময়ের তুলনায় অত্যাধুনিক ও তারুণ্যদীপ্ত। বহরে রয়েছে, ছয়টি ড্রিমলাইনারসহ মোট ১৮টি উড়োজাহাজ। প্রতিটি উড়োজাহাজে রয়েছে উন্নত যাত্রীসেবা সম্বলিত সব সুযোগ-সুবিধা।

যুক্তরাজ্যের বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও ইউরোপগামী বিভিন্ন দেশের ভ্রমণপিপাসু, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা বিমান বহরের আধুনিক এ উড়োজাহাজগুলোতে ভ্রমণে আকৃষ্ট হবেন এ আশাবাদ ব্যক্ত করে বলা হয়, বিমানের মোবাইল অ্যাপস, সকল সেলস সেন্টার, ট্রাভেল এজেন্ট, বিমানের ওয়েবসাইট ও বিমানের কল সেন্টার (০১৭৭৭৭১৫৬১৩-১৬) থেকে সিলেট-লন্ডন-সিলেটসহ বিমানের সব রুটের সিডিউল ফ্লাইটের টিকেট কেনা যাবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট জেলা ব্যবস্থাপক শাহনেওয়াজ মজুমদার জানান, রোববার (৪ অক্টোবর) সিলেট থেকে সরাসরি ফ্লাইট চালুর সকল পদক্ষেপ নেয়া হয়েছে। সকাল ১১টা ১৫ মিনিটে বিমানটি লন্ডনের উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবে। ড্রিমলাইনার-৯ বিমানটির যাত্রী ধারণ ক্ষমতা ২৬০।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *