শায়েস্তাগঞ্জের খোয়াই নদীর বালুচর এখন সবুজ দিগন্ত !
এম হায়দার চৌধুরী, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) থেকে :: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে গেছে খরস্রোতা খোয়াই নদী। শুষ্ক মৌসুমে আবার স্রোতহীন নদী হয় যায় এটি। এতে নদীর মাঝখানে সরু খালের মতো পানি থাকে আর নদীর বাকি অংশে পলিমাটি জমে উর্বর চর সৃষ্টি হয়। এ চরকে ঘিরে স্বপ্ন দেখে চরাঞ্চলের লোকজন। এখন এই চরগুলোতে চাষ হচ্ছে নানান জাতের শীতকালীন শাক-সবজি ও ইক্ষু। শুষ্ক মৌসুমে খোয়াই নদীর দুই তীর সংলগ্ন ভূমিতে বিশাল চর জেগে উঠে। এ চরের বুকে হাজার হাজার কৃষক তাদের স্বপ্নের ফসল চাষ করেন। যার মধ্যে রয়েছে ইক্ষু, টমেটো, বেগুন, মুলা, ফুলকপি, বাঁধাকপি, আলুসহ নানান ধরনের ফসল। এসময়ে বিস্তীর্ণ এ বালুচর হয়ে উঠে নয়নাভিরাম সবুজ দিগন্ত। ফসলে ফসলে ভরে যায় নদীর দুই দিকের বালুচর। কৃষি বিভাগের মতে, নদীর দুই তীরে ২০ থেকে ২৫ হাজার কৃষক বিভিন্ন ফসল চাষাবাদ করে জীবিকা নির্বাহের পথ তৈরি করেছেন।
গতকাল (২০ জানুয়ারি) সরজমিনে গিয়ে দেখা যায়, শায়েস্তাগঞ্জ উপজেলার উবাহাটা, লেঞ্জাপাড়া, পুরানবাজার, আলাপুর, কালিগঞ্জ, চরহামুয়া, দক্ষিণ চরহামুয়া ও কলিমনগর এলাকায় খোয়াই নদীর তীরে সীম, টমেটো, করলা, বেগুন, বরবটি, লাউ, কুমড়া ছাড়াও শীতকালীন বাঁধাকপি, ফুলকপিসহ আরও অনেক সবজি চাষ করা হচ্ছে। এসব সবজি চাষ করে কৃষকরা অর্থিকভাবে সমৃদ্ধ হয়েছেন। এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। চরের পাশেই নদীতে পানি থাকায় এসব শাক-সবজি চাষ করতে পানির জন্য বেগ পেতে হয়না। ইতোপূর্বে যারা আখ চাষে উৎসাহী ছিলেন তারা অনেকেই এখন শীতকালীন সবজি চাষে ব্যস্ত রয়েছেন।
উপজেলার আলাপুর গ্রামের আল-আমিন মিয়া জানান, খোয়াই নদীর বুকে জেগে উঠা চরে বিভিন্ন ধরনের শাক-সবজির চাষ করেছেন তিনি। এর মধ্যে মুলা আর মিষ্টি কুমড়া উল্লেখযোগ্য। করোনা প্রাদুর্ভাবের পূর্বে তিনি একটি বেসরকারি কোম্পানীতে চাকরি করতেন। গতবছর করোনাকালে চাকুরি হারিয়ে বাড়ির পাশে খোয়াই নদীর চরে সবজি চাষ শুরু করেন। প্রথমবারেই তার সফলতা আসে মুলা চাষ করে। প্রায় ২৫ হাজার টাকার মুলা বিক্রি করেছেন। তিনি এবার চাষ করেছেন মিষ্টি কুমড়া এবং তা বাম্পার ফলন হয়েছে। সাবাসপুর গ্রামের নুরুল ইসলাম ও তাজুল ইসলাম নদীর বালুচরে ফুলকপি আর বাঁধাকপির চাষ করে লাখ টাকা আয় করছেন ।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর বলেন, এবছর সবজির বাম্পার ফলন হয়েছে। করোনার কারনে মানুষ শাক-সবজি চাষে আগ্রহী হয়ে উঠেছেন। আর বাজারেও ভালো দাম পাচ্ছেন কৃষকরা। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকদের বিভিন্ন প্রনোদনা দিচ্ছেন। এ কারনে তাদের আরো আগ্রহ বাড়ছে। নদীর বুকে জেগে উঠা বালুচরে সবজি চাষ করার জন্য আমরা সর্বাত্মক সহযোগীতা করছি। অনেক চাষিকেই পরার্মশ দিয়েছি। কৃষি বিভাগের পরামর্শ অনুয়ায়ি চাষাবাদ করলে যে কেউ সফল হবেন।





