ভারত এখন রেড লিস্টে।
এবার ভারতকে কোভিড রেড লিস্টে যুক্ত করেছে যুক্তরাজ্য । ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক সংসদে এ কথা জানিয়েছেন।
যুক্তরাজ্যে বেড়েই চলেছে করোনার ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা। দ্য গার্ডিয়ান জানিয়েছে, এখন পর্যন্ত ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে আক্রান্ত ১০৩ জনকে শনাক্ত করা হয়েছে দেশটিতে। এ কারণেই ভারতকে লাল তালিকাভুক্ত করেছে বৃটেন।
আগামি শুক্রবার (২৩ এপ্রিল) স্থানীয় সময় ভোর ৪টায় এ নিষেধাজ্ঞা কার্যকরি হবে। শুক্রবার থেকে ভারত থেকে বৃটেনে প্রবেশ বন্ধ হয়ে যাবে। তবে যারা বৃটিশ ও আইরিশ নাগরিক তারা প্রবেশ করতে পারবে। সেক্ষেত্রে নিজ খরচে ১০ দিনের হোটেল কোয়ারেন্টিনে থাকতে হবে।
ম্যাট হ্যানকক বলেন, আমরা এই প্রথম ভারতীয় একটি নতুন ভ্যারিয়েন্টের খোঁজ পেয়েছি। বৃটেনে ১০৩ জন ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এ সপ্তাহের শুরুতে এ সংখ্যা ছিল ৭৭। যারা শনাক্ত হয়েছেন তাদের বেশিরভাগই বিদেশ সফর করে ফেরার সময় বৃটেনের সীমান্তে হওয়া পরীক্ষায় শনাক্ত হয়েছেন।
নতুন এ নিষেধাজ্ঞা অনুযায়ী, সর্বশেষ ১০ দিনের মধ্যে কেউ ভারতে গেলে তিনি আর বৃটেনে প্রবেশ করতে পারবেন না। ভারতে ট্রানজিট নিলেও তাকে একই নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে।





